শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ - ১৩:১৪
আয়াতুল্লাহ সাআদাত-পরভার নৈতিকতা ও তাওহিদি সাধনাকে সামাজিক দায়িত্ববোধের সঙ্গে যুক্ত করেছিলেন

আয়াতুল্লাহ সাআদাত-পরভারের শিক্ষাদর্শনে আধ্যাত্মিক সাধনা ও নৈতিকতার সঙ্গে সামাজিক দায়িত্ববোধের গভীর সমন্বয় ছিল বলে মন্তব্য করেছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ রেজা আবেদিনি। তিনি বলেন, এই বিশিষ্ট আলেম কোরআন, হাদিস ও আধ্যাত্মিক শিক্ষার আলোকে মানুষের আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি ইসলামী বিপ্লবের আদর্শ ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করতেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবেদিনি সমাজের আধ্যাত্মিক ও নৈতিক শিক্ষার ক্ষেত্রে আয়াতুল্লাহ সাআদাত-পরভারের অবস্থান তুলে ধরে বলেছেন, এই বিশিষ্ট আলেমের শিক্ষাদর্শনে আত্মিক সাধনা ও আধ্যাত্মিক উন্নতি কখনোই সামাজিক দায়িত্ব এবং ইসলামী বিপ্লবের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা থেকে বিচ্ছিন্ন ছিল না।

কোমের মসজিদে আজমে আয়োজিত আয়াতুল্লাহ সাআদাত-পরভার (রহ.)-এর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ রেজা আবেদিনি সমাজের পথনির্দেশনায় আলেম ও আল্লাহর ওলিদের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি এসব মহান ব্যক্তিত্বের স্মরণসভা আয়োজনকে কোরআনি ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, আয়াতুল্লাহ সাআদাত-পরভার ছিলেন এমন একজন আলেম, যিনি সমাজের আধ্যাত্মিক চাহিদা উপলব্ধি করে তাওহিদি শিক্ষা প্রচার এবং মানুষের আত্মিক পরিশুদ্ধির পথে কাজ করেছেন। তিনি নিজের পেছনে বহু মূল্যবান ও স্থায়ী রচনা রেখে গেছেন।

কোরআনের দৃষ্টিতে নবী-রাসুল ও আল্লাহর ওলিদের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পবিত্র কোরআন ঐশী ব্যক্তিত্বদের মানবজাতির পরিবর্তন ও পরিপক্বতার প্রধান চালিকাশক্তি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। কারণ, তাঁরা তাওহিদের সত্যকে উন্মোচন করে মানুষের চলার পথ আলোকিত করেছেন।

হাওজা ইলমিয়ার এই শিক্ষক আরও বলেন, এই দৃষ্টিকোণ থেকে আলেম ও আল্লাহর ওলিদের স্মরণ করা কেবল তাঁদের স্মৃতিচারণের অনুষ্ঠান নয়; বরং এটি হেদায়াতের পতাকাকে সমুন্নত রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে ঐশী আদর্শ তুলে ধরার একটি উদ্যোগ। এসব আদর্শ সমাজের আধ্যাত্মিক ও জ্ঞানগত বিকাশের পথ আলোকিত করতে পারে।

ইসলামী বিপ্লব নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষার প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টির ক্ষেত্র তৈরি করেছে

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবেদিনি সমসাময়িক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড় এবং সমাজে নতুন জ্ঞানগত ও আধ্যাত্মিক চাহিদা সৃষ্টির ক্ষেত্র হিসেবে ইসলামী বিপ্লবের কথা উল্লেখ করে বলেন, ইসলামী বিপ্লব বিজয়ের পর সাধারণ মানুষ ও হাওজা ইলমিয়াগুলোতে নৈতিকতা, তাওহিদ এবং আত্মিক সাধনা ও আধ্যাত্মিক উন্নয়নের বিষয়গুলোর প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে যেসব আলেম আগে থেকেই এসব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন ও সেগুলোর ব্যাখ্যা প্রদানে নিয়োজিত ছিলেন, তাঁদের গুরুত্ব বিশেষভাবে বৃদ্ধি পায়।

তিনি আয়াতুল্লাহ সাআদাত-পরভারকে এমনই একজন ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, তিনি এই চাহিদা পূরণে সক্ষম হয়েছিলেন। এই বিশিষ্ট আলেম ছাত্রদের প্রশিক্ষণ এবং জ্ঞান-বিজ্ঞান ও নৈতিকতাবিষয়ক গ্রন্থ রচনার মাধ্যমে আধ্যাত্মিক প্রশিক্ষণের ধারাকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে তিনি তাওহিদি সাধনার সঠিক পথকে বিচ্যুতি, বাড়াবাড়ি ও শৈথিল্য থেকে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন।

আধ্যাত্মিক সাধনা সামাজিক দায়িত্ব থেকে বিচ্ছিন্ন ছিল না

আয়াতুল্লাহ সাআদাত-পরভারের শিক্ষাদর্শনের বৈশিষ্ট্য তুলে ধরে হাওযা ইলমিয়ার এই শিক্ষক ব্যক্তিগত নৈতিকতা ও সামাজিক দায়িত্বের মধ্যকার সম্পর্ককে তাঁর চিন্তাধারার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর দৃষ্টিতে নৈতিকতা ও আধ্যাত্মিক সাধনাকে সামাজিক অঙ্গনে উপস্থিতি এবং ইসলামী বিপ্লবের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা থেকে আলাদা করা সম্ভব ছিল না।

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবেদিনি আরও বলেন, এ কারণেই তাঁর প্রশিক্ষণমূলক বৈঠকগুলোতে অংশগ্রহণের অন্যতম মানদণ্ড ছিল ইসলামী বিপ্লবের মূলনীতির প্রতি অঙ্গীকার এবং ইমাম খোমেনি (রহ.)-এর পথ অনুসরণ করা। এটি মানুষের প্রশিক্ষণ সম্পর্কে আয়াতুল্লাহ সাআদাত-পরভারের সামগ্রিক দৃষ্টিভঙ্গি এবং আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অপরিহার্যতারই পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, ইমাম খোমেনি (রহ.)-এর জ্ঞানভিত্তিক চিন্তাধারা ও আল্লামা তাবাতাবায়ির মধ্যে সংযোগ স্থাপনেও আয়াতুল্লাহ সাআদাত-পরভারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমসাময়িক সময়ে হাওজা ইলমিয়ার চিন্তাগত ও জ্ঞানভিত্তিক অঙ্গনে এই সংযোগ প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

কারণ, ইমাম খোমেনি (রহ.)-এর বিপ্লবী ও সামাজিক চিন্তাধারার সঙ্গে আল্লামা তাবাতাবায়ির গভীর কোরআনি ও দার্শনিক জ্ঞানের সমন্বয় এমন একটি পূর্ণাঙ্গ শিক্ষাদর্শনের ভিত্তি তৈরি করেছিল, যেখানে আধ্যাত্মিকতা ও আত্মিক সাধনা সামাজিক দায়িত্ব এবং সমাজের বাস্তব অঙ্গনে উপস্থিতি থেকে বিচ্ছিন্ন ছিল না।

আয়াতুল্লাহ সাআদাত-পরভারের রচনায় কোরআন, হাদিস ও আরিফদের শিক্ষার সমন্বয়

নৈতিকতা ও আধ্যাত্মিক বিষয়গুলো ব্যাখ্যার ক্ষেত্রে আয়াতুল্লাহ সাআদাত-পরভারের কোরআন ও হাদিসভিত্তিক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবেদিনি তাঁর রচনাবলির অন্যতম বৈশিষ্ট্য হিসেবে কোরআন, হাদিস, দোয়া এবং আধ্যাত্মিক ও যুক্তিনির্ভর আলোচনার সমন্বয়ের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আয়াতুল্লাহ সাআদাত-পরভার নৈতিকতা ও আধ্যাত্মিক শিক্ষাকে কেবল তাত্ত্বিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের বাস্তব জীবনে প্রয়োগের উপযোগী করে তোলার চেষ্টা করেছেন, যাতে পাঠক ও শ্রোতারা দৈনন্দিন আচরণে এসব শিক্ষা কাজে লাগাতে পারেন।

তিনি আয়াতুল্লাহ সাআদাত-পরভারের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর মধ্যে ‘সিররুল ইসরা’ (سرّ الاسراء)-এর নাম উল্লেখ করে বলেন, মেরাজের হাদিসকে কেন্দ্র করে রচিত এই গ্রন্থে সুসংবদ্ধভাবে তাওহিদি ও নৈতিক শিক্ষার সমাহার ঘটানো হয়েছে।

এই গ্রন্থে দেখানো হয়েছে, মানুষের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় দৈনন্দিন জীবনের সাধারণ আচরণ থেকে। এরপর নিজের কর্ম সংশোধন এবং প্রকৃত দাসত্বের উপলব্ধির মাধ্যমে মানুষ আধ্যাত্মিক উৎকর্ষ ও আল্লাহর নৈকট্য অর্জনের পথে এগিয়ে যায়।

হাওজা ইলমিয়ার এই শিক্ষক প্রকৃত নৈতিকতা অর্জনে জ্ঞান ও আমলের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, আয়াতুল্লাহ সাআদাত-পরভার নৈতিকতার প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে মানুষের মধ্যে বিদ্যমান ঐশী প্রকৃতির বাস্তব প্রকাশের ওপর গুরুত্ব দিতেন।

তাঁর বিশ্বাস ছিল, জ্ঞান অবশ্যই আমলে পরিণত হতে হবে। কারণ, আমলবিহীন জ্ঞান যেমন উপকারী নয়, তেমনি জ্ঞানগত ভিত্তি ছাড়া আমলও মানুষকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।

হাওজা ইলমিয়ার আলেমদের প্রশিক্ষণ ও আধ্যাত্মিক শিক্ষাদর্শন অব্যাহত রাখার প্রয়োজনীয়তা

হাওজা ইলমিয়ার মহান আলেমদের জ্ঞানগত ও আধ্যাত্মিক পথ অব্যাহত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আবেদিনি বলেন, আয়াতুল্লাহ সাআদাত-পরভারের শিক্ষাদর্শন থেকে উপকৃত হতে হলে তাঁর রচনাবলি সম্পর্কে জ্ঞান অর্জন, তাঁর প্রশিক্ষণমূলক মূলনীতিগুলো উপলব্ধি এবং জ্ঞানকে বাস্তব আমলের সঙ্গে যুক্ত করা অপরিহার্য।

পরিশেষে তিনি জোর দিয়ে বলেন, নৈতিকতা ও তাওহিদি সাধনার পথে অগ্রসর হতে হলে এমন জ্ঞানী আলেমদের দিকনির্দেশনা গ্রহণ করতে হবে, যাঁরা নিজেরাও তাঁদের জ্ঞান অনুযায়ী আমল করেন। এর ফলে মানুষ বাড়াবাড়ি ও শৈথিল্যের মতো বিচ্যুতি থেকে রক্ষা পাবে এবং প্রকৃত দাসত্ব ও নিজের ঐশী প্রকৃতির বিকাশের সঠিক পথে অগ্রসর হতে পারবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha